জাতীয়
প্রধান খবর

বাংলাদেশ–চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে প্রথম ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’

বাংলাদেশ–চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’। দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে দেশের বিভিন্ন গণমাধ্যমের ২৯ জন সাংবাদিক এই পুরস্কারে সম্মানিত হয়েছেন।

বুধবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত জমকালো অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিটি বিভাগে প্রথম স্থান অর্জনকারীকে নগদ এক লাখ টাকা ও সনদ, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ৫০ হাজার টাকা ও সনদ এবং তৃতীয় স্থান অর্জনকারীদের ৩০ হাজার টাকা ও সনদ দেওয়া হয়।

অতিথি ও বক্তারা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)–এর বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট হান খুন, আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের প্রেসিডেন্ট চুয়াং লিফংসহ গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস শুধু সেরা কাজের স্বীকৃতি নয়, বরং দুই দেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পেশাদারিত্ব বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ বলেন, সংবাদমাধ্যম দুই দেশের সমাজ ও সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এই পুরস্কার বাংলাদেশ–চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

পুরস্কারপ্রাপ্তরা

পাঁচটি ক্যাটাগরিতে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৫ নভেম্বর পর্যন্ত প্রকাশিত ও সম্প্রচারিত প্রতিবেদন থেকে বিজয়ীদের নির্বাচন করা হয়।

অর্থনীতি ও প্রযুক্তি

  • প্রথম: মো. মুনির হোসেন (ডেইলি সান)
  • দ্বিতীয়: গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), আব্দুর রহিম (রূপালী বাংলাদেশ)
  • তৃতীয়: রফিকুল ইসলাম (ডেইলি সান), আব্দুর রহমান (ঢাকা পোস্ট), আসজাদুল কিবরিয়া (ফিনান্সিয়াল এক্সপ্রেস)

খেলাধুলা ও সংস্কৃতি

  • প্রথম: এস এম নাজমুল হক ইমন (ভোরের কাগজ)
  • দ্বিতীয়: তানজিম আহমেদ (বাংলা ট্রিবিউন), রাহেনুর ইসলাম (সকাল সন্ধ্যা)
  • তৃতীয়: জোবায়ের হোসেন (ঢাকা পোস্ট), ফাসিউর রহমান সিফাত (স্টার নিউজ), কামরুল হাসান খান (ইনকিলাব)

ভিজ্যুয়ালস

  • প্রথম: মাহমুদ জামান অভি (বিডিনিউজ)
  • দ্বিতীয়: হাবিবুর রহমান (সারাবাংলা)
  • তৃতীয়: জাহিদুল ইসলাম সজল (আজকের পত্রিকা), ওলিদ ইবনে শাহ (নাগরিক প্রতিদিন), মাসুম বিল্লাহ (বিডিনিউজ)

জেনারেল নিউজ

  • প্রথম: সেলিম আহমেদ (রূপালী বাংলাদেশ)
  • দ্বিতীয়: মৌসুমি ইসলাম (ডেইলি সান), মোহাম্মদ শরীফুল আলম (কালের কণ্ঠ)
  • তৃতীয়: মফিজুল সাদিক (জাগো নিউজ), জেসমিন মলি (বিডিনিউজ), সালাউদ্দিন আহমেদ (যমুনা টিভি)

মিডিয়া ইনোভেশন

  • প্রথম: মো. ইমরুল হাসান (আরটিভি)
  • দ্বিতীয় (যৌথ): রাশেদুর রহমান (চ্যানেল ২৪), ওয়ালিউল আলম বিশ্বাস (ইনডিপেনডেন্ট টিভি), আরশাদ আলী ও সুদীপ্ত নুরুল কবীর (বাংলা ট্রিবিউন)

বিশেষ সম্মাননা

দীপ্ত টিভি, চ্যানেল ২৪, আরটিভি, বাংলাভিশন ও রেডিও টুডেকে আউটস্ট্যান্ডিং পার্টনারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি জাতীয় প্রেসক্লাব, ডিআরইউ, ডিক্যাব, ইআরএফসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনকে আউটস্ট্যান্ডিং অর্গানাইজেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।

রাষ্ট্রদূতের বক্তব্য

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন–বাংলাদেশ মিডিয়া সহযোগিতা দুই দেশের জনগণের জীবনমান উন্নয়ন ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করছে। এই অ্যাওয়ার্ড মিডিয়া বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বাড়াবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা, র‌্যাফেল ড্র এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button