জাতীয়রাজনীতি
প্রধান খবর

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

৮০ বছর বয়সে প্রয়াত এই নেত্রী দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার নাম ছিল খালেদা খানম। শৈশবে পরিবারের কাছে তিনি ‘পুতুল’ নামে পরিচিত ছিলেন। প্রাথমিক শিক্ষা সেন্ট যোসেফ কনভেন্টে এবং পরবর্তীতে দিনাজপুর সরকারি স্কুল ও সুরেন্দ্রনাথ কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।

১৯৬০ সালের ৫ আগস্ট সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। এরপর থেকেই তিনি বেগম খালেদা জিয়া নামে পরিচিত হন।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা শুরু হয়। ১৯৮২ সালে বিএনপিতে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন সূচিত হয়। ধাপে ধাপে নেতৃত্বের বিভিন্ন স্তর অতিক্রম করে ১৯৮৪ সালে তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন।

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে দৃঢ় ভূমিকার কারণে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন। তার নেতৃত্বে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি বিজয়ী হয় এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে ছিলেন এবং একাধিকবার সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button