জাতীয়
প্রধান খবর

মাকে হারিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি মায়ের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

তারেক রহমান লেখেন, “আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
তিনি বলেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের মা কিংবা বাংলাদেশের মা। কিন্তু তাঁর কাছে তিনি ছিলেন একজন মমতাময়ী মা, যিনি সারাজীবন দেশ ও মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।

বার্তায় তারেক রহমান উল্লেখ করেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন বেগম খালেদা জিয়া। অসংখ্য নির্যাতন, কারাবরণ ও চিকিৎসা বঞ্চনার মধ্যেও তিনি অদম্য সাহস ও দেশপ্রেমে অবিচল ছিলেন। তিনি দেশ ও গণতন্ত্রের জন্য স্বামী ও সন্তান হারিয়েছেন বলেও স্মরণ করেন তারেক রহমান।

শেষে তিনি বলেন, এই দেশ ও দেশের মানুষই ছিল তাঁর পরিবার। আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button