
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শুক্রবার (২ জানুয়ারি) শেষ হচ্ছে। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজও দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) থেকে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন শুরু হয়। শোকের শেষ দিনে আজ খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দেশের সব মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর জিয়া উদ্যানে স্বামী প্রাক্তন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ অংশ নেন।
তথ্যসূত্র: বণিক বার্তা



