এমপিওভুক্ত শিক্ষকদের ম্যানেজমেন্ট কমিটিতে অন্তর্ভুক্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের ম্যানেজমেন্ট কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে একটি সভার রেজুলেশনের অংশবিশেষ কেটে প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে তা আলোচনার টেবিল, রেজুলেশন ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। অথচ কোনো একজন ‘গুপ্ত’ তা বের করে রেজুলেশনের একটি অংশ বাদ দিয়ে বিষয়টি প্রচার করেছেন।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের ম্যানেজমেন্ট কমিটিতে দিয়ে দেওয়া হয়েছে’-এমন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। কিন্তু যে প্রেক্ষাপটে বিষয়টি এসেছে, সেটি না বুঝেই আন্দোলন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, একটি সভার রেজুলেশনে আলোচনার যে অংশ ছিল, তার একটি অংশ ‘কেটে’ মন্ত্রণালয় থেকে কেউ একজন দিয়েছেন। পরে সেটুকুই পত্রিকায় প্রকাশ করা হয়েছে। কিন্তু রেজুলেশনের নিচের অংশে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, বিষয়টি মন্ত্রী দেখবেন, পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং এরপর প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি হবে।
তিনি বলেন, ‘বিনা কারণে হইচই করা যাবে না। মিথ্যা অজুহাত দিয়ে যারা রাজনীতি করে তারা দেশের ভালো চায় না। মাত্র পাঁচ মাস বয়সী একটি সরকারের বিরুদ্ধে কথায় কথায় আন্দোলন করা সমীচীন নয়। কোনো বিষয়ে আপত্তি থাকলে সরাসরি আমার সঙ্গে কথা বলো। ডিবেট করো।’
শিক্ষামন্ত্রী বলেন, কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রথমে বিষয়টি আলোচনার টেবিলে আসবে, সেখান থেকে রেজুলেশন হবে এবং সেটি মন্ত্রীর কাছে আসবে। এরপর সংশ্লিষ্ট বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তই শুধু একটি রেজুলেশনের একটি অংশের ভিত্তিতে চূড়ান্ত হয়ে যায় না। সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা, পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন মাধ্যমে কোনো ঘটনা পুরোপুরি যাচাই না করেই ছড়িয়ে পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর ফলে অনেক সময় প্রকৃত ঘটনা আড়ালে পড়ে যাচ্ছে এবং ভুল তথ্যের ভিত্তিতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



