জেএফ-১৭ যুদ্ধবিমান ক্রয় নিয়ে আলোচনা, পাকিস্তান বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের বিমান বাহিনী প্রধানের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্ভাব্য জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ক্রয় নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানায় পাক আইএসপিআর।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়,
“জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের সম্ভাব্যতা নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়েছে।”

সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও মহাকাশ গবেষণায় সহযোগিতার গুরুত্ব
বৈঠকে দুই দেশের মধ্যে কার্যকর প্রতিরক্ষা সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ গবেষণায় পারস্পরিক সহযোগিতার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়।
পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু তার বাংলাদেশি প্রতিপক্ষকে পিএএফ-এর সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ বিমান বাহিনীকে প্রাথমিক থেকে শুরু করে উন্নতমানের ফ্লাইং ও বিশেষায়িত কোর্সে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সুপার মুশশাক বিমান সরবরাহের আশ্বাস
আইএসপিআরের বিবৃতিতে আরও জানানো হয়,
“পাক বিমান বাহিনী প্রধান বাংলাদেশকে সুপার মুশশাক ট্রেইনার বিমান দ্রুত সরবরাহের নিশ্চয়তা দিয়েছেন। পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ সহায়তাও প্রদান করা হবে।”
আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থায় সহযোগিতা চায় বাংলাদেশ
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধক্ষেত্রে সাফল্যের প্রশংসা করেন এবং তাদের অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের পুরনো যুদ্ধবিমান বহরের রক্ষণাবেক্ষণ এবং আকাশ প্রতিরক্ষা রাডার সিস্টেম সমন্বয়ের মাধ্যমে আকাশসীমা পর্যবেক্ষণে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন।
গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন
পাক সামরিক সূত্র জানায়, বাংলাদেশি প্রতিনিধি দল পাকিস্তানের ন্যাশনাল আইএসআর ও ইন্টিগ্রেটেড এয়ার অপারেশন সেন্টার, পিএএফ সাইবার কমান্ড এবং ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক পরিদর্শন করেন।
প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অঙ্গীকার
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়,
“এই সফর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে এবং প্রতিরক্ষা সহযোগিতা গভীরতর করার মাধ্যমে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার অভিন্ন সংকল্পকে প্রতিফলিত করেছে।”
সূত্র: জিও টিভি, দৈনিক ইনকিলাব



