নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত-এনসিপির জোট অনেক এগিয়ে
ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অনাস্থার কথা জানালেন এনসিপি আহ্বায়ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের মধ্যে জামায়াতে ইসলামী ও এনসিপির জোট অনেক এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “ইইউ প্রতিনিধিদের আমরা স্পষ্টভাবে জানিয়েছি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখনো পূর্ণ আস্থা নেই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, “ঋণখেলাপি থাকা অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।”
নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এখনো না হওয়ায় মাঠপর্যায়ে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
তবে এসব প্রতিকূলতার মধ্যেও নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “নিরাপত্তাহীনতার মধ্যেও আমরা মাঠে কাজ করে যাব। সব দিক বিবেচনায় বিএনপির জোটের মধ্যে জামায়াত ও এনসিপির জোট নির্বাচনী প্রস্তুতিতে অনেকখানি এগিয়ে রয়েছে।”
তথ্যসূত্র: জনকণ্ঠ



