
আগামী ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে আনন্দের খবর। ক্যালেন্ডার অনুযায়ী মাসের প্রথমার্ধেই টানা দুই দফায় তিন দিন করে ছুটির সুযোগ তৈরি হয়েছে, যা কর্মজীবীদের জন্য বাড়তি স্বস্তি নিয়ে আসছে।
প্রথম দফার ছুটি আসছে পবিত্র শবেবরাতকে কেন্দ্র করে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ৪ ফেব্রুয়ারি বুধবার শবেবরাত পালিত হয়, তবে পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি)। ফলে মাসের শুরুতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিনের ছুটি ভোগ করতে পারবেন।
এরপর প্রায় এক সপ্তাহ বিরতির পর দ্বিতীয় দফার ছুটি মিলবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকায়, তার পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
এভাবে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই দু’দফায় মোট ছয় দিনের টানা ছুটি পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতোমধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।
তথ্যসূত্র: জনকণ্ঠ



