বিটিভিতে নাহিদ ও মামুনুলের ভাষণ প্রচার রবিবার, পরদিন তারেক ও শফিকুরের
বিটিভিতে নাহিদ ও মামুনুলের ভাষণ প্রচার রোববার, পরদিন তারেক ও শফিকুরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল রোববার থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হবে। এখন পর্যন্ত চারটি রাজনৈতিক দলের চারজন শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানালে তাঁদের জন্য সময় বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যম।
বিটিভির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারি (রোববার)
- সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক
- সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
বিটিভিতে ভাষণ দেবেন।
এ ছাড়া ৯ ফেব্রুয়ারি (সোমবার)
- সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
- সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারের সূচি চূড়ান্ত করা হয়েছে।
বিটিভির একজন কর্মকর্তা জানান, এই চার দলের বাইরে এখন পর্যন্ত আর কোনো রাজনৈতিক দল বিটিভিতে ভাষণ প্রচারের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়নি। তবে ভবিষ্যতে অন্য কোনো দলের পক্ষ থেকে অনুরোধ এলে তা বিবেচনায় নেওয়া হবে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অতীতেও বিটিভিতে রাজনৈতিক দলের প্রধানদের ভাষণ প্রচার করা হয়েছে। বিশেষ করে সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যমে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হয়েছিল।
তবে সর্বশেষ তিনটি জাতীয় সংসদ নির্বাচনে এভাবে রাষ্ট্রীয় টেলিভিশনে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচারের নজির দেখা যায়নি।
তথ্যসূত্র: আজকের পত্রিকা



