নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে, ভোটের দিনে অধিকাংশ সার্ভিস বন্ধ থাকার শঙ্কা

জাতীয় নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি অধিকাংশ বাস সার্ভিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
ভোটের সময় বাস চলাচলের ওপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকলেও পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, অধিকাংশ চালক ও সহকারী নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটিতে থাকবেন। ফলে ওই দিন বাস চালু রাখা কঠিন হয়ে পড়বে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানান, ১১ ফেব্রুয়ারি বাস চলাচল স্বাভাবিক থাকবে। তবে ওই দিনের টিকিটের চাহিদা এখনো খুব বেশি নয়। তিনি বলেন, ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীরা বেশি চাপ দিচ্ছেন।
ভোটের দিন বাস চলাচল প্রসঙ্গে তিনি বলেন, বাস চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু বেশিরভাগ কর্মী ভোটের জন্য ছুটি চেয়েছেন, যা আমরা দিতে বাধ্য। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতে সীমিত আকারে সার্ভিস চালু হতে পারে।
এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে আইনশৃঙ্খলা বাহিনী, জরুরি সেবা, সংবাদপত্র পরিবহন ও চিকিৎসা সামগ্রী বহনকারী যানবাহনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করার ক্ষমতা রাখবেন।



