জাতীয়
প্রধান খবর

ব্যাংক-অফিসের সময় কমছে, স্কুল-কলেজের বিষয়ে সিদ্ধান্ত রবিবার

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ব্যাংক ও সরকারি অফিসের সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানির সরবরাহ ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়ায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি অফিস সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে। আর ব্যাংকের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

স্কুলের সময়সূচি নিয়েও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে আগামী রোববার এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি খাতে আরও কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সরকারি কোনো নতুন যানবাহন বা কম্পিউটার কেনা হবে না। অভ্যন্তরীণ প্রশিক্ষণ কার্যক্রম ৫০ শতাংশ কমানো হবে এবং বৈদেশিক প্রশিক্ষণ আপাতত বন্ধ থাকবে।

এছাড়া বিয়ে বা এ ধরনের অনুষ্ঠানে আলোকসজ্জা না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, দোকান ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে। তবে খাবারের দোকান ও ফার্মেসি এ নির্দেশনার বাইরে থাকবে।

আগামী শুক্রবার থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি।

সূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button