
মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘদিনের বেতন জটিলতা কাটছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন দেওয়া হবে। একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, এসব পদে শিক্ষক না থাকায় নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছিল। অন্তর্বর্তী সরকার দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করলেও বাজেটে এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়নি।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা যায়, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন দিতে প্রায় ৫০১ কোটি টাকা প্রয়োজন, কিন্তু সেই অর্থ বাজেটে ছিল না। এ কারণেই মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি।
তবে এখন সেই সংকট কাটিয়ে জুলাই মাস থেকে বকেয়াসহ নিয়মিত বেতন দেওয়া হবে বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।
তিনি আরও বলেন, ইসলামী শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের দল-মতের ঊর্ধ্বে উঠে জীবনযাপন করতে হবে। এ সময় সংসদে জামায়াতে ইসলামীকে ঘিরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের প্রকৃত ইসলামের আদর্শ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
তথ্যসূত্র: যুগান্তর
