
দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি এতদ্বারা স্থগিত বা বাতিল করা হলো।
এতে আরও বলা হয়, আপৎকালীন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে স্বাস্থ্য অধিদপ্তর এবং এর আওতাধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে না।
সূত্র: কালের কণ্ঠ



