স্বাধীনতা পদক গ্রহণ করলেন হানিফ সংকেত

সংস্কৃতিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত (এ কে এম হানিফ)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
এর আগে একই দিনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র পক্ষে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান।
ব্যক্তি পর্যায়ে পুরস্কারপ্রাপ্তরা
খালেদা জিয়া ছাড়া এ বছর আরও ১৪ জন ব্যক্তি স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
মুক্তিযুদ্ধে মরণোত্তর সম্মাননা পেয়েছেন মেজর মোহাম্মদ আবদুল জলিল।
বিজ্ঞান ও প্রযুক্তিতে সম্মাননা পেয়েছেন অধ্যাপক জহুরুল করিম এবং সাহিত্যে মরণোত্তর সম্মাননা পেয়েছেন আশরাফ সিদ্দিকী।
সংস্কৃতিতে পুরস্কৃত হয়েছেন হানিফ সংকেত এবং মরণোত্তর সম্মাননা পেয়েছেন বশীর আহমেদ।
ক্রীড়ায় সম্মাননা পেয়েছেন জোবেরা রহমান লিনু।
সমাজসেবায় পুরস্কৃত হয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক এবং মাহেরীন চৌধুরী (মরণোত্তর)।
জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার সম্মাননা পেয়েছেন।
প্রাতিষ্ঠানিক পুরস্কার
প্রতিষ্ঠান পর্যায়ে স্বাধীনতা পুরস্কার পেয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ (মুক্তিযুদ্ধ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (চিকিৎসাবিদ্যা), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পল্লী উন্নয়ন), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র (সমাজসেবা)।
উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।
তথ্যসূত্র: বার্তা বাজার



