
আর মাত্র একদিন পরই মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী লেখেন,
“ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে দেশ এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের এক অনন্য শিক্ষা বহন করে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের প্রসঙ্গ তুলে বলেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাঁর অটল ঈমান ও আত্মত্যাগের দৃষ্টান্তই ঈদুল আজহাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত করেছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বলেন,
“আল্লাহ যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।”
একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা কামনা করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন,
“ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।”
তথ্যসূত্র: যমুনা টিভি

