জাতীয়
প্রধান খবর

সারা দেশের খালি মাঠের তালিকা চাইল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে দেশের বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে নতুন খেলার মাঠ স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের মহানগর থেকে শুরু করে গ্রামীণ জনপদ পর্যন্ত তরুণদের জন্য খেলাধুলার সুযোগ বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সভায় বিদ্যমান মাঠ সংরক্ষণ, উন্নয়ন এবং নতুন মাঠ স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রতিমন্ত্রী দেশের সব জেলা ও উপজেলায় থাকা খালি মাঠের তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের নির্দেশ দেন। আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, খেলার মাঠ প্রস্তুতের কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুরু করা হবে। যুবসমাজের জন্য খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি না করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো শিশু-কিশোর ও তরুণদের জন্য নিরাপদ ও পর্যাপ্ত খেলার পরিবেশ তৈরি করা, যাতে তারা প্রযুক্তিনির্ভর আসক্তি ও মাদকের ঝুঁকি থেকে দূরে থেকে সুস্থ ও সক্রিয় জীবনধারায় অভ্যস্ত হতে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button