
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন।
এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৫৭৩ শিশু এবং নিশ্চিত হামে ৯৩ শিশু মারা গেছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুটি সিলেট বিভাগে, এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একটি করে শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ে সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ৩৩১ জন, চট্টগ্রামে ১৭৫ জন এবং বরিশালে ১৩৫ জন ভর্তি হয়েছে।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮১৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। গত ৯৫ দিনে হামের উপসর্গ দেখা গেছে মোট ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জন। এ সময়ের মধ্যে ৭০ হাজার ৫০৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো