
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৬ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৪ হাজার ৭৬৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ১২৬ জনের। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১১ হাজার ২৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮ হাজার ৭১৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৪ হাজার ৯৭১ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন।
তথ্যসূত্র: আজকের পত্রিকা
