জাতীয়
প্রধান খবর

দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আক্রান্ত ১,০৮৯ জন

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৯ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বুধবার (২৪ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৯ জনে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯১৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৯৫ হাজার ৭৬০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৯০ জনের।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৯ হাজার ৬৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৫ হাজার ৮৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button