জাতীয়
প্রধান খবর

দেশে যুক্ত হচ্ছে আরও তিন উপজেলা ও এক নতুন থানা

দেশের প্রশাসনিক কাঠামোয় আরও তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা যুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো-চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গারা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। এছাড়া চট্টগ্রামে ‘হালদা’ নামে একটি নতুন থানারও অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হবে। কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠিত হবে।

নতুন তিনটি উপজেলা যুক্ত হওয়ায় দেশে উপজেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯৮টি। একই সঙ্গে ‘হালদা’ থানা যুক্ত হওয়ায় দেশের মোট থানার সংখ্যা হবে ৬৪০টি।

বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি, ভৌগোলিক বাস্তবতা এবং প্রশাসনিক সেবা সহজলভ্য করার লক্ষ্যেই নতুন উপজেলা ও থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহজ হবে।

নিকারের বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: একাত্তর টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button