জাতীয়
প্রধান খবর

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ

দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা রইল না।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় এ রায় দেন।

আদালতে মামলাজটের কারণে এতদিন আটকে ছিল প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক পদের নিয়োগ। আজকের এই রায়ের ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো আইনি জটিলতা থাকছে না।

এর আগে গত ১৮ জুন এই সিভিল আপিলের ওপর শুনানি শেষ করে আপিল বিভাগ।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট দূর করতে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের স্থগিতাদেশের কারণে নিয়োগ কার্যক্রম আটকে ছিল। এ জটিলতা নিরসনে সরকার কাজ করে আসছিল।

আপিল বিভাগের সর্বশেষ এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button