আন্তর্জাতিক খবর
প্রধান খবর

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত ৫৫, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এখনো প্রায় ৪০০ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (২৬ আগস্ট) ভোরের দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায় এ প্রাকৃতিক বিপর্যয় ঘটে।

নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন। নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ বিদেশি নাগরিকদের সবাই পর্যটক হিসেবে দেশটিতে অবস্থান করছিলেন।

পর্যটন বোর্ডের হিসাব অনুযায়ী, নিখোঁজ ২৯১ বিদেশির মধ্যে ১০৫ জন ভারতীয়, ৩৭ জন প্রবাসী ভারতীয় (এনআরআই), ১৭ জন মালয়েশিয়ান, ১২ জন ব্রিটিশ, চারজন দক্ষিণ আফ্রিকান, তিনজন আমেরিকান, একজন অস্ট্রেলিয়ান ও একজন ডাচ নাগরিক রয়েছেন। এছাড়া আরও ১১১ জন অন্যান্য দেশের নাগরিক নিখোঁজ রয়েছেন, যাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নেপাল পর্যটন বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত এলাকায় থাকা পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল সংসদে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে ওই এলাকায় একটি ভূমিকম্প আঘাত হানে। এরপর ভূমিকম্পের ফলে সৃষ্ট হিমবাহ ধস থেকেই ভয়াবহ পাহাড়ি ঢলের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, এই ঘটনায় নেপালের পাশাপাশি সীমান্তবর্তী চীনের অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দুই দেশ যৌথভাবে কাজ করছে।

এ ঘটনায় নেপালের ২৬ জন পুলিশ সদস্য, ৯ জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ৪৪ জন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। এছাড়া স্থানীয় কাস্টমস ও ইমিগ্রেশনের একাধিক কর্মকর্তারও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

পাহাড়ি ঢলে রসুয়া ও নুয়াকোট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন অবকাঠামোয়। ধ্বংস হয়েছে সড়ক যোগাযোগ ও সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎকেন্দ্র ও টেলিযোগাযোগব্যবস্থাও।

নিখোঁজদের উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযান জোরদার করেছে। উদ্ধার তৎপরতা আরও দ্রুত করতে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button