জাতীয়
প্রধান খবর

একদিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৭২৪

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৯৬৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৬ হাজার ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১২ হাজার ২৮৬ শিশু।

এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮২ হাজার ৭৫৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জন এবং হামের উপসর্গে ৬৩১ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে ৪৩১ জন। এরপর চট্টগ্রামে ১৮১ জন, বরিশালে ১০৩ জন, সিলেটে ৯২ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৪১ জন, খুলনায় ৪১ জন এবং রংপুরে ২০ জন শিশু আক্রান্ত হয়েছে।

তথ্যসূত্র: একাত্তর টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button