
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি ও অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।
পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। এরপর ডনকে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে।
আশরাফুল হক ডন সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি।
সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর গত বছরের অক্টোবরে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় অভিনেতার স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
এর আগে গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত।
হত্যা মামলার তদন্ত শুরুর কয়েক দিন পরও আশরাফুল হক ডন ও সামিরা হকের ব্যবহৃত মোবাইল ফোন সচল ছিল। এরপর থেকেই তারা পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।
পরে মামলার আসামিদের দেশত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতারের জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠায় রমনা থানা পুলিশ।
এর ভিত্তিতেই রোববার দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়।
সালমান শাহ হত্যা মামলায় দেশে থাকা অন্য আসামিদের অবস্থান শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। তাদের ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
ডনকে গ্রেফতারের পর এখন তাকে আদালতে হাজির করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
তথ্যসূত্র: যমুনা টিভি
