
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের দুটি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব বলেন, ‘এটা তো আমাদের বিষয় না। আমরা বাছাই করব। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করব।’
এর আগে বৃহস্পতিবার সকালে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অলি আহমদের পক্ষে প্রথম মনোনয়নপত্র জমা দেন। এতে প্রস্তাবক ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান এবং সমর্থক ছিলেন এনসিপির আবদুল্লাহ আল আমিন।
পরে দুপুরে অলি আহমদের পক্ষে আরও একটি মনোনয়নপত্র জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য কামাল হোসেন। দ্বিতীয় মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন এনসিপির মাহমুদা মিতু এবং সমর্থক ছিলেন জামায়াতের আবদুল বাতেন।
১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট।
এবার একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির প্রয়োজন হবে। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা ভোট দেবেন।
তবে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। ফলে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই কার্যত দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: যমুনা টিভি

