
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত ১ হাজার ১৫৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ১৮৭ জন এবং সন্দেহজনক হামে আক্রান্ত ৯৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৪৮ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৭৩০ জনের।
এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে ৮৯৪ শিশুর। এর মধ্যে সন্দেহজনক হামে ৭৯৫ জন এবং নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, দেশে হামজনিত মৃত্যু ও শনাক্তের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।
তথ্যসূত্র: যমুনা টিভি

