জাতীয়
প্রধান খবর

যুব উন্নয়নের বদলি কাণ্ডে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক

অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়নের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

অভিযোগ সংশ্লিষ্ট অন্য তিনজন হলেন-যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

অভিযোগগুলো অনুসন্ধানে ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। এবার দুদকের মুখপাত্র প্রকাশ্যে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেন।

এর আগে আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছিল দুদক। ক্ষমতার প্রভাব খাটিয়ে তদবির-বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় ১১ মাস অনুসন্ধানের পর গত ফেব্রুয়ারিতে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সাবেক এই উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দেন। নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভোট করেননি তিনি।

এদিকে, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদকে সমর্থন দিয়েছে এনসিপি।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button