
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন। তাঁদের মধ্যে সন্দেহজনক হামের রোগী ৯৫৫ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩১ জনের শরীরে।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন। এ ছাড়া সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৫৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৫১ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও হাসপাতালে আসা রোগীদের মধ্যে মোট ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
তথ্যসূত্র: যমুনা টিভি
