বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় পুকুরে গোসল করতে নেমে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে পুকুরে গোসল করতে নেমে মোঃ নাজমুল হাসান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

পরিবারের দাবি, সাঁতার না জানার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা এলাকায় গাবতলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত মোঃ নাজমুল হাসান জয়ভোগা এলাকার মোঃ জলিলের ছেলে। সে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত। ঘটনার দিন লাইফ ফেয়ার স্কুলে পরীক্ষা শেষে বাড়িতে ফেরে নাজমুল। পরে বাড়ির পাশের গাবতলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন পুকুরে গোসল করতে যায় সে।

দীর্ঘ সময় পার হলেও নাজমুল বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে একপর্যায়ে পুকুরে খুঁজতে নামেন স্বজনেরা। পরে আনুমানিক দুপুর আড়াইটার দিকে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় নাজমুলকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত তাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, নাজমুল সাঁতার জানত না। এ কারণে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, বগুড়ার গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন জানান, নাজমুল নামের শিশু মৃত্যুর ঘটনা পুলিশ কিছুই জানেনা। এবং এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button