জাতীয়

সিইসি নিয়োগ: জাফরুল্লাহর সুপারিশ রাখল সরকার

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সুপারিশকে প্রাধান্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ দেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন জাফরুল্লাহ চৌধুরী। এ সময় এই সিইসিকে সব বিরোধী দলকে মেনে নেয়ারও আহ্বান জানান তিনি।

শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়ার পর সন্ধ্যায় গণমাধ্যমে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমার দেয়া তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বেছে নেওয়ায় সরকারকে ধন্যবাদ। সরকার একটা ভালো কাজ করল। নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল খারাপ করবেন না।’

জাতীয় সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশন গঠনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী যে আটজনের নাম প্রস্তাব করেছিলেন, সেখানে আট নম্বরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পাওয়া সাবেক সচিব হাবিবুল আউয়ালের নাম ছিল।

কাজী হাবিবুল আউয়াল ছাড়াও চারজনকে নির্বাচন কমিশনার করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button