রাজনীতি

মিজানুর রহমান আজহারীর প্রার্থিতা নিয়ে যা জানা গেল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন দেওয়া হয়েছে—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে দলটির একাধিক নেতা নিশ্চিত করেছেন, তথ্যটি সম্পূর্ণ অসত্য ও গুজব।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতা আতাউর রহমান জানিয়েছেন, এই আসনে তাদের প্রার্থী আগে থেকেই ঠিক করা আছে এবং তিনি মাঠে কাজও করছেন। আজহারীকে মনোনয়ন দেওয়ার তথ্য সঠিক নয়। একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনও বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেছেন, আজহারীকে মনোনয়ন দেওয়ার বিষয়ে প্রচারিত খবর গুজব, এবং এমন সম্ভাবনাও নেই। তিনি রাজনৈতিক প্রার্থীতা নিয়ে ভুয়া তথ্য প্রচার না করতে ও যাচাই-বাছাই ছাড়া এসব তথ্য গ্রহণ না করার আহ্বান জানান।

দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্ট ও অনানুষ্ঠানিক বার্তার প্রভাবে অনেকেই বিষয়টি সত্য ধরে নিয়ে আজহারীকে অভিনন্দন জানাতে শুরু করেছিলেন। তবে তিনি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকা-৫ আসনে নতুন প্রার্থী নিয়ে দলের নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনা করছেন বলে জানা গেছে। বর্তমানে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে প্রচারণা চালাচ্ছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ঢাকা-৫ আসনের প্রার্থী নবীউল্লাহ নবী।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button