দলমত নির্বিশেষে এমন দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের: আজহারী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি দলমত নির্বিশেষে মানুষের দোয়া ও ভালোবাসাকে “পরম সৌভাগ্য” হিসেবে উল্লেখ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, বিভক্তির এই দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু বেগম খালেদা জিয়া তার দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে অধিকাংশ মানুষের কাছে সম্মানিত। বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকায় পুরো দেশ তাকে দোয়ায় স্মরণ করছে বলেও উল্লেখ করেন তিনি।
আজহারী আরও বলেন, দলমত নির্বিশেষে অসংখ্য মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। পোস্টের শেষে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং বলেন—দেশের তরে ত্যাগ স্বীকার করা এই ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল মহিয়সী নারীর সম্পূর্ণ আরোগ্য কামনা করছি। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করুন।



