রাজনীতি
প্রধান খবর

চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে ফিরিয়ে আনা হবে, বগুড়া হবে সিটি করপোরেশন: জামায়াত আমীর

বগুড়ার ঐতিহ্যবাহী চান্দু স্টেডিয়ামকে মর্যাদার সঙ্গে নতুন জীবন দেওয়া হবে এবং ভবিষ্যতে সেখানে আন্তর্জাতিক খেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমীর বলেন, বগুড়াকে একটি পূর্ণাঙ্গ সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে জামায়াতে ইসলামীর। একইসঙ্গে বগুড়ায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিনি।

এছাড়া বগুড়া ও গাইবান্ধাবাসীর দাবি যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়টিকে যৌক্তিক দাবি হিসেবে বিবেচনা করে তা বাস্তবায়নের আশ্বাস দেন জামায়াত আমীর।

তিনি স্পষ্ট করে বলেন, “এগুলো কোনো দান নয়। জামায়াতে ইসলামীর নিজস্ব তহবিল থেকেও নয়। জনগণের রাষ্ট্রীয় টাকায়, জনগণের প্রয়োজনেই এসব উন্নয়ন বাস্তবায়ন করা হবে।”

চাঁদাবাজমুক্ত দেশ গড়ার অঙ্গীকার

জনসভায় চাঁদাবাজদের নিয়ে রসিকতাপূর্ণ বক্তব্যের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, চাঁদাবাজির কারণেই কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না এবং ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতেই হবে।

বেকার ভাতা নয়, কর্মসংস্থানের কথা

যুবসমাজ প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, “আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না। বেকার ভাতা দিয়ে যুবসমাজকে অপমান করতে চাই না, বাংলাদেশকে বেকারের ফ্যাক্টরি বানাতে চাই না।”

তিনি আরও বলেন, “প্রত্যেকটি যুবক-যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই।”

নারীর মর্যাদা নিয়ে জিরো টলারেন্স

মায়েদের সম্মান ও নিরাপত্তা প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “মায়েদের ইজ্জতের মূল্য আমাদের জীবনের চেয়েও বেশি। কোনো অপমান আমরা বরদাস্ত করব না। কোনো লম্পটের জায়গা বাংলাদেশে হবে না। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স।”

ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যয়

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে কাউকে বাদ দিয়ে নয়, বরং দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি বলেন, “আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই।”

পাচার হওয়া অর্থ ফেরত আনার ঘোষণা

দেশের অর্থনীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমীর বলেন, গত সাড়ে ১৫ বছরে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সেই অর্থ জনগণের উন্নয়নে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।

দারিপাল্লার বিজয়ের ডাক

শেষে তিনি আসন্ন নির্বাচনে দারিপাল্লার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় জামায়াতে ইসলামী মনোনীত বগুড়ার সাতটি আসনের প্রার্থীদের হাতে প্রতীক হিসেবে দারিপাল্লা তুলে দেন জামায়াত আমীর।

এই বিভাগের অন্য খবর

Back to top button