রাজনীতি
প্রধান খবর

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, উপনেতা তাহের ও চিফ হুইপ নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির ডা. শফিকুর রহমান কে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, সংসদে শক্তিশালী, কার্যকর ও সমন্বিত বিরোধী ভূমিকা নিশ্চিত করতেই শীর্ষ নেতৃত্বকে সরাসরি সামনে আনা হয়েছে। সে অনুযায়ী জামায়াতের সর্বোচ্চ নেতা ডা. শফিকুর রহমান সংসদে বিরোধী দলের নেতৃত্ব দেবেন।

বিরোধীদলীয় উপনেতা নির্বাচিত হয়েছেন কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলীয় ও জোট রাজনীতিতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা ১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ ছাড়া বিরোধী দলের হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান। বিরোধী জোটভুক্ত বিভিন্ন দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই দায়িত্ব বণ্টনে এই ভারসাম্য আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরের পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন–এর কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও তাদের জোটের এমপিরা। শপথের আগে সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে কিছু অনিশ্চয়তা তৈরি হলেও দীর্ঘ আলোচনার পর শপথগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি এককভাবে ২১২টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে। অপরদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে অবস্থান নেয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button