রাজনীতি
প্রধান খবর

অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ফেয়ার নয়: জামায়াত আমির

অন্তর্বর্তী সরকারের কেউ বর্তমান সরকারের মন্ত্রিসভায় যুক্ত হওয়াকে ফেয়ার নয় বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার যদি দেশ ও জনগণের স্বার্থে কাজ করে, তাহলে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। আর জনস্বার্থের বিরুদ্ধে গেলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জুলাই শহিদদের যথাযথভাবে শ্রদ্ধা জানাতে পারিনি। সরকারি দল হতে না পারায় আমাদের কোনো আফসোস নেই। তবে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনের উৎসবের আমেজ হারিয়ে গেছে। দেশের মানুষ যে আমানত আমাদের ওপর রেখেছিল, তা আমরা পরিপূর্ণভাবে পূরণ করতে পারিনি। গভীর রাতে শপথের চিঠি দেওয়া হয়েছে, যা অস্বস্তিকর।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে আমরা সম্মান দেখিয়েছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জনআকাঙ্ক্ষার বিপরীত এবং সংস্কারের বিরোধী। যদি বিএনপি সত্যিই জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে তাদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। জুলাইকে অসম্মান করে কেউ সংসদের গৌরবের আসনে বসতে পারে না।”

জামায়াত আমির বলেন, গণতন্ত্র যেন প্রাতিষ্ঠানিক রূপ পায়-এটাই তাদের প্রত্যাশা। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং সহিংসতা বন্ধের দাবি জানান তিনি। তার অভিযোগ, নির্বাচনের রাত থেকেই বিভিন্ন এলাকায় জামায়াতকে ভোট দেওয়ার কারণে নারী-পুরুষের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব বন্ধের আহ্বান জানান তিনি।

এদিকে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী।

এই বিভাগের অন্য খবর

Back to top button