ধর্ম
প্রধান খবর

আজ মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ শুরু, হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতায় লাখো হাজি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা চলমান রয়েছে সৌদি আরবে। গত সোমবার হজের কার্যক্রম শুরু হওয়ার পর মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ময়দানে সমবেত হন ১৬ লাখেরও বেশি হাজি।

আজ বুধবার, ১০ জিলহজ। ফজরের নামাজ আদায়ের পর হাজিরা মুজদালিফা ত্যাগ করে মিনার উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছে তারা জামারাত আল-আকাবায় বড় শয়তানকে প্রথম পাথর নিক্ষেপ করেন।

হজের নিয়ম অনুযায়ী, ১১, ১২ ও ১৩ জিলহজ-এই তিন দিন হাজিরা জামারাতের তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপ করবেন। এগুলো হলো আল-উলা (ছোট শয়তান), আল-উস্তা (মাঝারি শয়তান) এবং আল-আকাবা (বড় শয়তান)।

শয়তানের প্রতীকী এসব স্তম্ভে নিক্ষেপের জন্য হাজিরারা মুজদালিফা থেকে আগেই ছোট ছোট পাথর সংগ্রহ করে রেখেছেন।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থাকলেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি এবার হজ পালনে অংশ নিয়েছেন।

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ।

চলতি হজ মৌসুমে পবিত্র নগরী মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। এ কারণে সৌদি কর্তৃপক্ষ হাজিদের পর্যাপ্ত পানি পান, ছাতা ব্যবহার এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button