হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬৭ হাজার টাকা

ছবি: সমকাল
আগামী বছরের পবিত্র হজের জন্য তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। রোববার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
হজ প্যাকেজ-১ (বিশেষ)
এই প্যাকেজে মক্কায় হারাম শরীফ থেকে সর্বোচ্চ ৭০০ মিটার দূরত্বে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় হাজীদের আবাসনের ব্যবস্থা থাকবে। এক রুমে সর্বোচ্চ পাঁচজন থাকতে পারবেন। মিনায় জোন-২ এ তাঁবুর ব্যবস্থা এবং মিনা-আরাফায় ‘ডি+’ ক্যাটাগরির সার্ভিসসহ খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজের খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।
হজ প্যাকেজ-২
এই প্যাকেজে মক্কায় হারাম শরীফ থেকে ১.২ থেকে ১.৮ কিলোমিটার দূরত্বে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা থাকবে। এক রুমে সর্বোচ্চ ছয়জন থাকতে পারবেন। মিনায় জোন-২ এ তাঁবুর ব্যবস্থা এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিসসহ খাবার দেওয়া হবে। এ প্যাকেজের খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।
হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী)
এ প্যাকেজের হজযাত্রীদের আবাসন হবে মক্কার আজিজিয়া এলাকায় এবং মদিনায় মারকাজিয়ার বাইরে। এক রুমে সর্বোচ্চ ছয়জন থাকতে পারবেন। মিনায় জোন-৫ এ তাঁবুর ব্যবস্থা এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিসসহ খাবার সরবরাহ করা হবে। হারাম শরীফে নামাজে অংশ নিতে এসি বাসে যাতায়াতের সুবিধা থাকবে। এ প্যাকেজের খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় আজিজিয়া এলাকায় হজযাত্রীদের আবাসনের ব্যবস্থা এবারই প্রথম করা হলো। ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মালয়েশিয়ার মতো দেশগুলো বহু বছর ধরেই তাদের হজযাত্রীদের সেখানে রাখছে।
বেসরকারি হজ প্যাকেজ
হজ এজেন্সিগুলোর জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, যার খরচ ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এই প্যাকেজ গ্রহণ করে এজেন্সিগুলো অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। প্রতিদিন খাবারের জন্য ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল ব্যয় হতে পারে, যা হজযাত্রীদের নিজ দায়িত্বে বহন করতে হবে।
হজের সময়সূচি ও নিবন্ধন
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে অংশ নিতে পারবেন। গত ২৭ জুলাই থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের জন্য তিন লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো প্যাকেজ মূল্যের অর্থ পরিশোধ বাধ্যতামূলক।
হজ চুক্তি সম্পাদিত হবে আগামী ৯ নভেম্বর, বাড়িভাড়া ও পরিবহন চুক্তি শেষ করতে হবে ১ ফেব্রুয়ারির মধ্যে। ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হবে এবং হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল।
১২ বছর বা তার বেশি বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা হজে অংশ নিতে পারবেন।
তথ্যসূত্র: সমকাল
