ধর্ম
প্রধান খবর

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়

চূড়ান্ত পর্বে মোট ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশি প্রতিযোগী হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছেন। এ অর্জনের মাধ্যমে তিনি দেশকে আন্তর্জাতিক অঙ্গনে গৌরবান্বিত করেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে মোট ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী, সচিব, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে মনোনীত হাফেজ আনাস পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে তৃতীয় স্থান অর্জন করেন। পুরস্কার হিসেবে তিনি পান ৫০ হাজার লিবিয়ান দিনার। এ সময় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা কারি মাসউদুর রহমান পর্যবেক্ষক হিসেবে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্য যে, দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছেন। ২০২২ সালে সালেহ আহমদ তাকরীম ৭ম স্থান, ২০২৩ সালে আবু তালহা ২য় স্থান ও মুস্তাফিজুর রহমান গাজী তাফসির বিভাগে ৬ষ্ঠ স্থান, আর ২০২৪ সালে মাহমুদুল হাসান তাফসির বিভাগে সাফল্য অর্জন করেন। এবারের প্রতিযোগিতায় হাফেজ আনাস বিন আতিকের অর্জিত তৃতীয় স্থান সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে এনেছে।

তথ্যসূত্র: সময় টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button