বগুড়ায় গাঁজাসহ যুবক আটক

বগুড়ার শাজাহানপুরে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক আনজুরুল ইসলাম অপু (২৮) লালমনিরহাট জেলার সদর থানার খোচাবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে।
বুধবার রাত ১১টার দিকে উপজেলার মাঝিরা ইউনিয়নের সাজাপুর কাগজীপাড়া গ্রামের জাব্বার হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নাবিলা পরিবহনের বাসে লালমনিরহাট হতে চট্টগ্রামে গাঁজা বিক্রির জন্য যাচ্ছিলো। মাঝপথে জাব্বার হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে বাসটি দাঁড়ালে সে গাঁজাসহ ব্যাগটি নিয়ে হোটেলের সামনে দাঁড়িয়ে ছিল। তখন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাঁজাসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করা হয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, আটককৃত আনজুরুল ইসলাম অপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এসএ




