
বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। নিহত ব্যক্তি হলেন—আলহাজ্ব আব্দুল হামিদ (৭০)। তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন পরিবার।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, রোববার (২৯ জুন) দুপুরে উপজেলার রহিমাবাদ জামালপুর গ্রামে মেয়ের বাড়ির উঠানে একটি ছোট আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী জানান, রোববার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি শেরপুরে ভিকটিমের জন্য ওষুধ আনতে যান। দুপুর ১টার দিকে বাড়ি ফিরে এসে দেখেন, তার স্বামী বাড়ির উঠানে আমগাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে সন্তানদের খবর দেওয়া হলে পুলিশকে অবহিত করা হয়।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।



