
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় অন্তত ১০ টি মামলার আসামি এবং জেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাকিল মাহমুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেপ্তার করে।
শাকিল শাজাহানপুর উপজেলার জোকা গ্রামের আব্দুল জলিল কেরানীর ছেলে। স্থানীয়দের মতে, তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল মাহমুদ দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, সরকারি কাজে বাধা, নারী নির্যাতন এবং মাদক ও অস্ত্র আইনের অধীনে মোট ১০টি মামলা রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



