
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস চাপায় জহুরা বেওয়া (৮০) নামের এক বৃদ্ধা ভিক্ষুকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার আড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জহুরা বেওয়া শাজাহানপুর উপজেলার বামুনিয়া মন্ডল পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে জহুরা বেওয়া আড়িয়া বাজারস্থ বেলাল হোসেনের চায়ের দোকানের সামনে হাইওয়ে পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বগুড়াগামী একটি শ্যামলী পরিবহন বাস তাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাস ও এর চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতা:
- সবসময় ট্রাফিক আইন মেনে চলুন।
- মোবাইল ব্যবহার করে গাড়ি চালাবেন না।
- হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করুন।
- গতিসীমা অতিক্রম করবেন না।
- ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
আপনার সচেতনতা বাঁচাতে পারে একাধিক প্রাণ।



