শেরপুরে ১৭০ লিটার মদসহ মাদক বিক্রেতা আটক

বগুড়া জেলার শেরপুর পৌর শহরের সকাল বাজার এলাকা থেকে ১৭০ লিটার মদসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তির নাম সুকুমার দত্ত (৬০)।
সুকুমার দত্ত শ্রীরামপুর পাড়ার সুরেশ দত্তের ছেলে।
জানা যায়, সুকুমার দত্ত বগুড়া শহর থেকে চোলাই মদ কিনে শেরপুরে ভাড়া করা দোকান ঘরে মজুদ করে রাখে। এরপর সেখান থেকে অবৈধভাবে খুচরা হিসেবে মদ বিক্রি করেন।
বগুড়ায় বিষাক্ত মদপানে অসংখ্য মানুষের মৃত্যুর পর জেলাব্যাপী পুলিশ মাদকবিরোধী অভিযান শুরু করে।
অভিযানের অংশ হিসেবে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমানের নেতৃত্বে সকাল বাজার এলাকায় অভিযান চালিয়ে সুকুমার দত্তকে গ্রেফতার করেন। পরে তার হেফাজতে রাখা ১৭০ লিটার মদ জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, সুকুমার দত্ত বগুড়া শহরের একজন বৈধ মদ বিক্রেতার কাছ থেকে মদ কিনে শেরপুরে মজুদ করে। এরপর সেখান থেকে খুচরা হিসেবে বিক্রি করে থাকে।
