বগুড়ায় ‘ব্যারিস্টার’ পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে ‘ব্যারিস্টার’ পরিচয়ে সাধারণ মানুষের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে দুই প্রতারকের বিরুদ্ধে। প্রতারক চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার কুসুম্বী ইউনিয়নের ধাওয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- নাটোরের সিংড়া উপজেলার সোয়াইড বালালপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে মোজাম্মেল হক ওরফে রানা (৩৫) ও শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু বকর সিদ্দিক ওরফে রাজু মন্ডল (৩৪)।
বুধবার সকালে উপজেলার কুসুম্বী ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে রুবেল হাসান বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা হয়েছে। মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, মোজাম্মেল হক নিজেকে ভুয়া ব্যারিস্টার আর রাজু তার সহযোগী হিসেবে পরিচয় দিয়ে জায়গা-জমির বিরোধ নিষ্পত্তি ও মামলায় জিতিয়ে দেয়াসহ নানা কৌশলে টাকা হাতিয়ে নিতেন তারা। একপর্যায়ে তাদের প্রতারণার বিষয়টি ধরতে পারেন ভুক্তভোগীরা। সেইসঙ্গে আশ্রয় নেন থানা পুলিশের কাছে।
মামলার বাদি ভুক্তভোগী রুবেল হাসান জানান, ওই দুই ব্যক্তির কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। একপর্যায়ে তাদের কর্মকাণ্ডে- সন্দেহ হয়। পরে তাদের সম্পর্কে খোঁজখবর নিতে ঢাকায় হাইকোর্টে যাই। এরপর জানতে পারি মোজাম্মেল হক আইনজীবি বা ব্যারিস্টার কিছুই নয়। মূলত প্রতারক চক্রের সক্রিয় সদস্য।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, গ্রেপ্তারকৃতরা প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে বগুড়ায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এসএ
