বগুড়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া শেরপুরে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল আটটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের পৌরশহরের কলেজ রোড এলাকা থেকে ওই বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সকালে মহাসড়কের পাশে রক্তমাখা অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে খবর দিলে তাৎক্ষণিক তারা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম এ প্রসঙ্গে বলেন, নিহত বৃদ্ধের বয়স অনুমান ৬০বছর। তার পরনে লুঙ্গি ও পাঞ্জাবি রয়েছে। পরিচয় পাওয়া গেলে ঘটনাটি সম্পর্কে অনেক কিছুই জানা সম্ভব হবে। এছাড়া নিহতের শরীর রক্তমাখা ও শক্ত আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে তার ধারণা, মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। তাই এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সেটি নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএ



