বগুড়ায় স্বামীর বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

বগুড়া জেলার শেরপুর উপজেলার রণবীরবালা গ্রামে স্বামীর বাড়ি থেকে মীম আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১০টায় রণবীরবালার কাঁফুড়া পশ্চিমপাড়া এলাকায় স্বামীর বাড়ির শোয়ার ঘরে বিছানার ওপর থেকে মীমের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ টি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মীমের স্বামী শাকিল আহম্মেদকে (২২) থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল আহম্মেদ জানিয়েছেন, তাঁর অগোচরে আজ সকালে মীম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তবে মীমের বাবা মজনু মিয়া পুলিশকে বলেছেন, শাকিল পরিকল্পিতভাবে তাঁর মেয়েকে হত্যা করেছে। হত্যার পর তাঁর মেয়ে আত্মহত্যা করেছে, এই মিথ্যা অপপ্রচার চালানো হয়।
এলাকাবাসী জানান, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের কাফুড়া পূর্বপাড়ার মজনু মিয়ার মেয়ে মীম আক্তারের সঙ্গে কাঁফুড়া পশ্চিমপাড়ার রবিউলের ছেলে শাকিলের প্রায় এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল। স্থানীয় দুজন বাসিন্দা জানান, গতকাল মঙ্গলবার স্ত্রীর সঙ্গে শাকিলের ঝগড়া হতে শুনেছেন। তবে কী নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া, তা তাঁরা জানেন না।
পুলিশ জানান, শোয়ার ঘরের বিছানা থেকে মীম আক্তারের লাশ উদ্ধার করা হয়। মীমের গলায় কালো দাগ আছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



