বগুড়ায় পিকনিকের ব্যানার নিয়ে ঝগড়া থামাতে গিয়ে যুবক খুন

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় পিকনিকের ব্যানার ছিড়াকে কেন্দ্র করে ছোটদের ঝগড়া থামাতে গিয়ে আতোয়ার রহমান (৩৫) নামের এক যুবককে হত্যা করেছে স্থানীয় লোকজন। এঘটনায় পুলিশ দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

নিহত আতোয়ার রহমান নাটমরিচা পশ্চিমপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে। তিনি পেশায় গৃহ নির্মান শ্রমিকের কাজ করেন। শুক্রবার (১১ মার্চ) রাত ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচা গ্রামে হত্যার ঘটনা ঘটে।
জানা যায়, গ্রামের স্কুলে ছাত্ররা আগামী রবিবার পিকনিকে যাওয়ার জন্য ব্যানার বানিয়ে নাটমরিচা গ্রামে একটি দোকানের পার্শ্বে টানিয়ে দেয়। শুক্রবার দুপুরে কে বা কারা সেই ব্যানারটি ছিড়ে ফেলে। রাতে এনিয়ে ছোট ছেলেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এরই একপর্যায় হাতাহাতি শুরু হয়। ছোটদের এই বিরোধে গ্রামের কিছু পুরুষ ও নারী জড়িয়ে পড়ে। এসময় আতোয়ার বিরোধ নিষ্পত্তি করতে গেলে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, পিকনিকের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আতোয়ার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার লাশ সুরতহাল করা হয়েছে। শনিবার সকালে লাশ ময়নাতদন্ত করা হবে।