শিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

বগুড়ায় নিজ বাড়িতে মা-ছেলে খুন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্যাপুর বটতলা গ্রামে এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।


আজ মঙ্গলবার সকালে মা ও ছেলে খুনের বিষয়টি এলাকাবাসী টের পেয়ে পুলিশে খবর দেয়।

নিহত দুজন হলেন ইদ্রিস প্রামানিকের স্ত্রী রানী খাতুন (৪০) ও ছেলে ইমরান প্রামানিক (১৮)।

নিহতের স্বজনরা জানান, ইদ্রিস আলী গত ৮ বছর হলো কুয়েতে বসবাস করছেন। ওই বাড়িতে ইদ্রিসের স্ত্রী ও ছেলে একাই থাকতেন। গত কয়েকদিন ধরে তাদের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছিলেন। আজ মঙ্গলবার সকালেও রাজমিস্ত্রিরা বাড়িতে কাজ করতে এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করে। কিন্তু অনেকক্ষণ যাবৎ ডাকাডাকির পর দরজা না খোলায় তারা নিহত রানীর মাকে বিষয়টি জানায়। পরে রানীর মা সেখানে গিয়ে তাদের ডাকাডাকি করেন। দরজায় না খোলায় এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা নিহতদের রক্তাক্ত মরদেহ দেখতে পান। রানী বেগমের মরদেহ বাড়ির বারান্দায় এবং ইমরানের মরদেহ ঘরের মেঝেতে পরে ছিল।


হত্যাকাণ্ডের পর থেকে প্রতিবেশীর ছেলে ও ইমরানের বন্ধু হাসান (১৮) নিখোঁজ রয়েছে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ ও সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, মা ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহের স্থানটি আমরা কর্ডন করে রেখেছি। ক্রাইম সিন ইউনিটের সদস্যরা এসে মরদেহ দেখবেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button