
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলার রেলস্টেশন রোড এলাকা থেকে ৫ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের একটি কল্কিসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সোনাতলা উপজেলার রেলস্টেশন রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এবং সোনাতনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ওই দুই যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলেন সোনাতলা উপজেলার লাহিড়ীপাড়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে মো. শরিফুল (২৫) এবং সুজায়েতপুর এলাকার মো. বাবলু প্রামাণিকের ছেলে মো. সাকিল (২৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের একটি কল্কি জব্দ করা হয়।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনাতলা উপজেলার রেলস্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ দুই যুবককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক দুই যুবককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।



