
সিরিজের প্রথম দুই ম্যাচে সমতা ছিল ১-১। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। এমন সমীকরণে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৭৯ রানের বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে ২৯৬ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। এরপর স্পিন-বান্ধব মিরপুরের উইকেটে ক্যারিবীয় ব্যাটারদের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশের স্পিন আক্রমণ। শেষ পর্যন্ত মাত্র ৩০.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ, যা রানের ব্যবধানে বাংলাদেশের ইতিহাসে ক্যারিবীয়দের বিপক্ষে সর্বোচ্চ জয়।
তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৭৪ রানে, দ্বিতীয়টি গড়ায় সুপার ওভারে যেখানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের স্পিনাররাই আজকের ম্যাচের নায়ক। নাসুম আহমেদ ৩৫ রানের মধ্যে তুলে নেন প্রথম তিন উইকেট, তিনটিই এলবিডব্লিউ। এরপর রিশাদ হোসেন ৯ ওভারে ৫৪ রান খরচ করে ৩ উইকেট নেন, আর তরুণ তানভীর ইসলাম ৮ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট দখল করেন। অধিনায়ক মেহেদি হাসান মিরাজও নেন ২ উইকেট। পুরো ইনিংসেই কোনো ওভার দেননি পেসার মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে দশ নম্বরে নেমে আকিল হোসেনের ব্যাট থেকে, যিনি ছিলেন অপরাজিত।
এর আগে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান দুর্দান্ত সূচনা এনে দেন। প্রথম উইকেটে তারা যোগ করেন ১৭৬ রান। সৌম্য ৮৬ বলে ৭টি চার ও ৪টি ছয়ে ৯১ রান করেন, আর সাইফ ৭২ বলে ৬টি চার ও ৬টি ছয়ে ৮০ রান করে ফেরেন। এরপর নাজমুল হোসেন শান্ত ৪৪, তাওহিদ হৃদয় ২৮ এবং নুরুল হাসান সোহান ১৬ রান যোগ করেন।
বল হাতে ক্যারিবীয়দের মধ্যে আকিল হোসেন ৪১ রানে ৪ উইকেট নেন।



